
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:১৫ পি.এম
মিঠাপুকুরের নয়ন সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে লাশ হয়ে ফিরেছে
![]()
ছেলেকে নিয়ে বাবা-মা ও একমাত্র বোনেরও স্বপ্ন ছিল ভাই বড় অফিসার হবে। বাবা-মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। দেশের গুরুত্বপূর্ণ স্পট সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় ফায়ার ফাইটার নয়নের। একটি দূর্ঘটনা নয়নের স্বপ্ন চুরমার করে দিয়েছে। বড় অফিসার হওয়ার স্বপ্নে বিভোর নয়ন বাড়ি ফিরছেন লাশ হয়ে। নয়নের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সন্তানের হারানোর শোকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা নার্গিস বেগম। শোকে কাতর বোন সীমা আক্তার সহ স্বজনরা।
নিহত সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের একমাত্র ছেলে।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, নয়ন খুব ভালো ছেলে ছিল। বাবা-মায়ের একমাত্র ভরসা ছিল নয়ন। তার এমন অকাল মৃত্যুতে পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বেরিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
ট্রাকচালককে অতি দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় নয়নের পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায় সে দাবিও জানান তারা। পরিবারের পক্ষ থেকে লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়নের মরদেহ আনতে গিয়েছেন বলে স্বজন সুত্রে জানা গেছে।
সোহানুর রহমানের চাচা বলেন, নয়ন খুব ভালো ছেলে ছিল। তার চাকরির বয়স প্রায় ৩০ মাস হলো। সচিবালয়ে আগুন নেভাতে ট্রাকচাপায় সে মারা যায়। এমন গুরুত্বপূর্ণ স্থানে রাস্তায় প্রটেকশন থাকলে এই দূর্ঘটনা নাও হতে পারতো। সে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দিলেও লেখাপড়া বন্ধ করেনি। ছুটিতে এসে এইচএসসি ও ডিগ্র পরীক্ষা দিয়েছে প্রমোশন নিয়ে বড় অফিসার হবে। কিন্তু সেই স্বপ্ন সত্যি হলোনা।
নয়নের পিতা আখতারুজ্জামান কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে একটাই ওকে নিয়ে আমার অনেক আশা-ভরশা ছিল। হঠাৎ করে সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমাদের সংসার দেখাশোনা করার মতো আর কেউ রইলো না।
বড় বোন সীমা আক্তার বলেন, ফজরের আজানের সনয় শুনি আমার ভাই সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে। তার কিছুক্ষণ পর শুনতে পাই, ভাইটা আমার মারা গেছে। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। নিমেষেই সবকিছু চুরমার হয়ে গেল।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, আমাদের সহকর্মী নয়নের এমন মৃত্যুতে আমরা মর্মাহত। এখন আমরা তার বাড়িতেই অবস্থান করছি। লাশ আসার পর দাফনকাজ শেষ হওয়া পর্যন্ত আমরা আছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সোয়ানুর জামান নয়নের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সেখানে মরহুমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যখন আগুন লাগে। প্রায় সোয়া ছয় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution