
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:১৫ পি.এম
গোবিন্দগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরে অবস্থিত নেসকোর কার্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল হক তুষার, শিক্ষক নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, কৃষক নেতা লুৎফর রহমান, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা টুকু, সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, ঠিকাদার শাহাবুল আলম মিতু মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাদের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছেন। এ কারণে বিগত সরকারের বিদ্যুৎ খাতে সকল গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বক্তারা আরও বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই কোনভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না। গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
এর জন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নেসকোর গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution