

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ' লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের মৃত ছফর উদ্দিন জোতদারের ছেলে উপজেলা আওয়ামীলীগ ত্রাণ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোতদার ও ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার মৃত ফজলে রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমেদ।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন ওই দুই নেতা। সোমবার সন্ধ্যায় তারা বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম আওয়ামীলীগের দুই নেতাকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution