
শেখ হাসিনা সরকারের পতনের পর নিয়মিত, অনিয়মিত সদস্যদের দাবির মুখে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। বিশেষ সাধারণ সভায় অভিনেতা তারিক আনাম খানকে কমিটির প্রধান করা হয়। তবে সংস্কার কমিটিকে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মোস্তাফিজুর নূর ইমরান লিখেছেন, ‘একটা সংগঠন! শিল্পীদের সংগঠন! অভিনয়শিল্পীদের সংগঠন! এটা হতে পারত আন্তর্জাতিক মানের অভিনেতা-অভিনেত্রীদের বিখ্যাত কোনো সংগঠনের মতো পেশাদার সংগঠন, যেমন ভারতের Cintaa (সিনেমা অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন) অথবা আমেরিকা অ্যান্ড ইংল্যান্ডের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। কিন্তু অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ এত আবর্জনা-নোংরামি আর অসম্মানের চর্চা করা লোকে ভর্তি হয়ে আছে যে, কিছুই করা সম্ভব হয়ে উঠছে না।’
এদিকে শিল্পকলা একাডেমী থেকে বিতাড়িত মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে গতকাল মঙ্গলবার জন্মদিনের শুভেচ্ছা জানায় অভিনয় শিল্পী সংঘ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নূর লিখেছেন, ‘সিস্টেমটা ঠিকঠাক করতে গিয়েও দেখেছি পুরো সিস্টেম কীভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে আছে! এখানে শুধু নোংরা রাজনীতির চর্চা আর সদস্যদের ভোটের চর্চা ছাড়া আর কিছুই সক্রিয় নেই। নির্বাহী ক্ষমতা না থাকা স্বত্বেও আল ডিঙিয়ে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধানকে না জানিয়ে, দাফতরিক ক্ষমতাবলে পূর্বের প্রশ্নবিদ্ধ কার্যকরী পরিষদ নিজেদের খেয়াল খুশিমতো পদক্ষেপ নিয়েছে, যেমন আজকে (গতকাল মঙ্গলবার) লিয়াকত আলী লাকীকে নিয়ে যে পোস্টটি করা হয়েছে। এরকম আরও অনেক পদক্ষেপ যেগুলো ধীরে ধীরে প্রকাশ হয়ে যাবে আপনাদের কাছে। আমরা যেহেতু ভদ্রলোকের মতো সভ্যতার চর্চা করতে চেয়েছিলাম, বিভেদ-বিভাজন মুক্ত করতে চেয়েছিলাম এবং একটি পেশাদার সংগঠনের রূপরেখা প্রণয়ন করতে চেয়েছিলাম, তা প্রতি পদক্ষেপে বাধাগ্রস্ত হয়েছে।’
তার কথায়, ‘তাদের মতে আমরা লুটেপুটে খেতে এসেছি, ভিমরুলের চাকে হাত দিচ্ছি, হামলা-মামলার ভয় আর চূড়ান্ত অসহযোগিতা তারা ইতোমধ্যেই নিজেদের কাজে-কর্মে এবং আচরণের আকারে ইঙ্গিতে প্রকাশ করেছে— এ যে কী দারুণ রাজনৈতিক আচরণ। এটা কোনোভাবেই সাংস্কৃতিক বলয় না। এখানে ধান্ধা আছে ধান্ধাবাজি আছে। এখানে দলাদলি আছে। এই সংগঠন কোনোভাবেই অভিনেতাদের হতে পারে না। অভিনয়শিল্পী সংঘ একটা গোয়ালঘরের চেয়েও নন প্রডাক্টিভ স্থান। এভাবেই নষ্ট মানসিকতার লোকেরা নিজেদের শিল্পী পরিচয় দিয়ে গলাবাজি করে পাড় পেয়ে যাচ্ছে। আর না। অনেক হয়েছে। এবার হয় ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত দালালরা থাকবে নাহয় আমরা অভিনয়শিল্পীরা।’
সবশেষে মোস্তাফিজুর নূর লেখেন, ‘‘এই চিহ্নিত ‘আলো আসবেই’ গ্রুপের সদস্যদের দ্বারা পরিচালিত অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য বর্গের দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি এবং একটি ভবিষ্যৎমুখী সংগঠন গড়ে তোলার জন্য যাবতীয় সংস্কার প্রস্তাবনা ও বাস্তবায়নের উপায়সমূহ আগামী বার্ষিক সদস্য সম্মেলনে উত্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিকে আহবান জানাচ্ছি। গায়ের মধ্যে ঘা নিয়ে আপনি ভেতরের চিকিৎসা করতে পারবেন না আপনাকে আগে ঘা সারাতে হবে এরপর ভেতরের অসুখ।’’
এ অভিনেতা বলেন, ‘সংস্কারের মূল প্রতিপাদ্য হচ্ছে শিল্পী সার্বজনীন। শিল্পী সভ্য, ভদ্র, গ্লোবাল হবে। অন্যান্য দেশের শিল্পী সংগঠনগুলো দেখবেন তারা খুব পেশাগত পদ্ধতিতে সংগঠন করে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে প্রফেশনাল অ্যাপ্রোচ যদি না থাকে তাহলে তো এটা বাস মালিক সমিতির নির্বাচনের মতো হয়ে যাবে। এটা তো হতে পারে না। আমরা সবসময় বলেছি এটা শিল্পীদের সংগঠন। এখানে শিল্পীরা রাজনৈতিক সচেতন হবে তবে রাজনৈতিক কেন্দ্রীভূত হবে না। কেউ যদি অন্যায় করে দলমত নির্বিশেষে শিল্পীরা সোচ্চার হবে। শিল্পীরা সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে সচেতন ছিল। কিন্তু কোনো বিশেষ দল বা মহলকে সুবিধা দিতে কোনো সংগঠন কাজ করতে পারবে না।’
এরপর বলেন, ‘তারিক আনাম খান স্যার দারুণ একটি সংস্কার প্রস্তাবনা তৈরি করেছেন। সাড়ে তিন মাসে এর বাইরে আর কিছু করা হয়নি। কারণ খুঁজতে গিয়ে জানতে পারলাম আমাদের কাছে নাকি কোনো নির্বাহী কোনো ক্ষমতা নেই। ক্ষমতা এখনও আগের কমিটির কাছেই আছে। এরকম তো কথা ছিল না। বলা হয়েছিল তারা শুধু দাফতরিক দায়িত্বগুলো পালন করবেন। কিন্তু তা না করে শুরু থেকেই প্রতিবন্ধকতা ও অসহযোগিতা করা হচ্ছে। আমাদের গেটের চাবি দেওয়া হয়েছে ঘরের চাবি দেওয়া হয়নি।’
এ সময় অভিনয় শিল্পী সংঘের অসহযোগিতার ফিরিস্তি তুলে অভিনেতা বলেন, ‘সংঘের তথ্য হালনাগাদ করার প্রয়োজন আছে। কেননা এখানে অনেক শিল্পী আছেন। কিন্তু কমিটি বলছে এটা অনেক ঝামেলার কাজ। এছাড়া আমরা সংগঠনের জন্য সুন্দর একটি ওয়েব সাইট তৈরি করেছি। যেটার মাধ্যমে শিল্পীদের আন্তর্জাতিকভাবে তুলে ধরা যাবে। কিন্তু এই চার মাসে সেটির কার্যক্রমই শুরু করতে পারিনি। এছাড়া ওনারা গণমাধ্যম সংস্কার কমিটির মিটিংয়ে গেলেন; সংস্কার কমিটির কাউকে বলে যাননি। তাহলে কার সঙ্গে আলোচনা করে গেছেন। আমরা বিষয়গুলো ধরিনি। ছাড় দিয়েছি। যেমন লিয়াকত আলী লাকীকে কী কারণে সংঘের উপদেষ্টা রাখা হয়েছে। উনি দৃশ্যমাধ্যমের কোনো শিল্পী নন। এরকম অনেকে আছেন যাদের যোগ্যতা নেই কিন্তু সংগঠনে রাখা হয়েছে। অন্যদিকে লিয়াকত আলী লাকীকে নিয়মমাফিক শুভেচ্ছা জানানোর মাধ্যমে বোঝা গেল তাকে ছাঁটাই করা হয়নি। কিন্তু কাজটি তো এখন সংস্কার কমিটির। আমরা করতে পারছি না। আর লাকী ভাই অন্যায় করেছিলেন। এরকম অনেকে সংগঠনে আছেন যারা অন্যায় করছেন।’
এ সময় অভিনয় সংঘের জন্য বরাদ্দকৃত জমি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এ অভিনেতা। তিনি বলেন, ‘যে জমিটা দেওয়া হয়েছে সেটাও কাজে লাগানো যাবে বলে মনে হয় না। কেননা জমির চারপাশে আবাসিক এলাকা। এ অবস্থায় জমিটা কীভাবে কাজে লাগাব সে বিষয়ে আমাদের সঙ্গে তারা কোনো আলোচনাও করছে না।’
মোস্তাফিজুর নূর ইমরান মনে করছেন সংস্কার কমিটির সকল প্রচেষ্টা নস্যাৎ করতে চক্রান্ত চলছে। শিগগিরই তারিক আনাম খানের সঙ্গে বসে করণীয় নির্ধারণ করা হবে বলে জানালেন মোস্তাফিজুর নূর ইমরান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution