
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন— চলমান বিপিএলের প্লে-অফে বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের আনছে রংপুর রাইডার্স। সেই তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের নাম। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) মুখ খুলেছেন রংপুর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
এখনও কোনো বিদেশি ক্রিকেটারের আগমন নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি শাহনিয়ান, ‘বিদেশি খেলোয়াড় আনছি কি আনছি না তা নিয়ে গোপনীয়তার কিছু নেই। আমি কিছু নাম উল্লেখও করতে পারি। বরিশালও এভাবে কিছু নাম বলতে পারে। উনারাও জানেন, আমিও জানি। বলতে অসুবিধা নেই।’
এখনও কেন সম্ভাব্য নামগুলো প্রকাশ্যে আসছে না সেই ব্যাখ্যায় এই রংপুর ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেন, ‘একজন খেলোয়াড় অন্য লিগে খেলছে, তার নাম বলা ওই ফ্র্যাঞ্চাইজির জন্য একটু অসম্মানজনক। আমরা তো চাইছি ওই খেলোয়াড়ের দল কোয়ালিফাই না করুক। এখন যদি বলি ডেভিড ওয়ার্নার বা টিম ডেভিডকে সাইন করিয়েছি, ওরা এখনও কিন্তু টুর্নামেন্টে টিকে আছে। ওদের নাম নেওয়া মানে ওদের ফ্র্যাঞ্চাইজিকে ছোট করা। এ কারণেই বলতে পারছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে যা বলছেন, খুব একটা ভুল না। তবে নাম মেনশন করতে পারব না।’
চলতি বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে পরবর্তী ৪ ম্যাচেই হেরে নুরুল হাসান সোহানের দলটি ছন্দ হারিয়েছে। ইতোমধ্যে তাদের লিগ পর্বের ম্যাচ শেষ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ। ইতোমধ্যে তিনটি দল সেরা চারে খেলা নিশ্চিত করেছে। সবার শীর্ষে থেকে ওই রাউন্ডে খেলবে ফরচুন বরিশাল। এ ছাড়া চিটাগাং কিংসও উঠেছে প্লে-অফে। বাকি একটি স্লট পূরণে লড়াই করছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution