
নীলফামারীর সৈয়দপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাজা (৩২) ওরফে ট্যাপেন্টা রাজাকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজা থেকে ৪৫ পিস ট্যাপন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহরের সুপার মার্কেট সৈয়দপুর প্লাজায় এক অভিযান পরিচালনা করেন। সেখানে পুলিশের অভিযানে বিষয়টি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজা ওরফে ট্যাপেন্টা রাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু এ সময় তার পিছনে ধাওয়া করে তাকে আটক করেন পুলিশ। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক রাজা সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার মো. আকতারের ছেলে। এ ঘটনায় রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
গতকাল রোববার দুপুরে তাকে নীলফামারীর আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে নীলফামারী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution