
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৭:১২ পি.এম
পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে পাঁচ বাংলাদেশিকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সাথে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর সাব পিলার ৪ এস এর কাছে বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১ টা ৪০ মিনিটে পতাকা বেঠক শুরু হয়ে শেষ হয় ২ টা ৩৫ মিনিটের দিকে।
পতাকা বৈঠকে ১৫ জন বিজিবির সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং ১০ জন বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ০৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার। বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি। বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন ওই বিএসএফ সদস্যরা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন। বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি, খেয়াল করেননি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ। একই সাথে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেই আশ্বাসও দিয়েছে বিএসএফের প্রতিনিধি দল।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছে বলে জানিয়েছে। বুঝতে না পেরে ঢুকে পড়েছে। এমনটা আর হবে না বলে জানিয়েছে। সেই সাথে জড়িত বিএসএফের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান বিজিবির অধিনায়ক। এরপর বিকাল সাড়ে ৩ টার দিকে ৯৩০ এর সাব পিলার ৮ এসের পাশের গতকালের ঘটনাস্থল পরিদর্শন করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। এ সময় সীমান্তবাসীর উদ্দেশ্যে তিনি জানান, বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনাদের সমস্যা নেই। আপনারা নিরভয়ে সীমান্তে থাকা ফসলি জমিতে কাজ করবো।
এর আগে গতকাল শুক্রবার দুপুর সোয়া ২ টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের পশ্চিম বালাতারী সীমান্তের সীমান্ত পিলার ৯৩০ এর ৮ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূ-খন্ডে প্রবেশ করে বিএসএফের ৫ সদস্য। বারোমাসিয়া নদীর ধারে বাংলাদেশের পশ্চিম বালাতারী গ্রামে প্রবেশ করে পাঁচ জন বাংলাদেশিকে মারধর করে। পরে এলাকাবাসীর তোপের মুখে তারা ফিরে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিবৃত্ত করে সরিয়ে দেয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution