
যে উইকেটে বাংলাদেশের টপ অর্ডার খাবি খেল। ব্যর্থ হলো। সেই উইকেটে ভারতের শক্তিমান ব্যাটিং লাইন আপ সহজ ভঙ্গিতে ব্যাট চালিয়ে ম্যাচ বের করে নিল। ম্যাচ জিতল ৬ উইকেটে।
বাংলাদেশের ২২৮ রান ভারত টপকে গেল ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে। তাওহীদ হৃদয় সেঞ্চুরি করে বাংলাদেশের স্কোরকে কোনোক্রমে দুশোর ওপর পৌছে দেন। সেই উইকেটে খানিকবাদে শুভমান গিল পাল্টা সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে জয় উপহার দিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট ভারত শুরু করলো জয় দিয়ে। আর আলোচনার বাইরে থাকা বাংলাদেশ এই হার এবং দলের টপ অর্ডার ব্যাটিংয়ের বেহাল অবস্থার পর যথারীতি হিসেবের আরো বাইরে চলে গেল।
এই ম্যাচে বাংলাদেশ অবশ্য হিসেবের বাইরে চলে গিয়েছিল ব্যাটিংয়ের প্রথম ওভারেই।
৩৫ রানে ৫ উইকেট হারানোর পর এই ম্যাচে বাংলাদেশের সামনে একটাই উপায় ছিল, সংগ্রাম করা! ৫০ ওভার পুরো ব্যাটিং করার সংগ্রাম। সেই সংগ্রামে অবশ্য বেশ ভালোভাবেই সফল দল। ষষ্ঠ উইকেট জুটিতে জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয় যে ব্যাটিং করলেন এই ম্যাচ থেকে সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। জুটি ১৫৪ রান জুড়েন তারা। ভারতের বিরুদ্ধে যে কোন উইকেট জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
জাকের আলী ধৈর্যশীল কায়দায় ১১৪ বলে ৬৬ রান করেন। তাওহীদ হৃদয় ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাট চালিয়ে যান। ইনজুরি নিয়েও লড়েন। তুলে নেন সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
জাকের আলীর হাফসেঞ্চুরি এবং তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি বাদ দিলে এই ম্যাচে টপঅর্ডার ব্যাটাররা যা করেছেন তাকে একশব্দে আপনি বলতে পারেন- ডিজ অর্ডার!
সৌম্য, শান্ত ও মুশফিক- তিনজনই শূন্য রানে আউট। এর মধ্যে সৌম্য ও শান্ত যে কায়দায় আউট হয়েছেন তাতে ভালো একটা ইনিংস না খেলা পর্যন্ত তারা সমালোচনার তীরে বিদ্ধ হবেন। স্পিন সহায়ক উইকেটে ভারতের পেসার মোহাম্মদ সামী ৫৩ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। ভারত পরিস্থিতি অনুযায়ী ভালো বোলিং করেছে। তবে বাংলাদেশের বেশ কয়েকজন যে উইকেট বিলিয়ে এসেছেন-এমন অভিযোগ তোলা যেতেই পারে।
২২৮ রান তাড়ায় ব্যাট করতে নেমে ভারত শুরু থেকে মারমুখি ভঙ্গিতে ব্যাট চালায়। পাওয়ার প্লে’র সুবিধাটা দারুণভাবে কাজে লাগায়। পাওয়ার প্লেতে ভারত ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে। মুলত ব্যাটিংয়ে সেখানেই ম্যাচের বাকিটা জিতে নেয় তারা। ইনিংসের মাঝপথে তারা বেশ কয়েকটি উইকেট হারায় কিন্তু একপ্রান্তে শুভমান গিল দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ভারতকে হারানোর জন্য ২২৮ রান বড় কোনো স্কোর নয়। তবে এই স্কোর নিয়েও ভারতকে আরো টেনশনে ফেলতে পারার উপলক্ষ এসেছিল বাংলাদেশ দলের সামনে। কিন্তু ক্যাচ মিস ও রান আউট মিস বাংলাদেশের সেই সম্ভাবনাও নষ্ট করে দিল।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২২৮/১০ (৪৯.২ ওভারে, তাওহীদ হৃদয় ১০০, জাকের ৬৬, রিশাদ ১৮, সামী ৫/৫৩)। ভারত ২৩১/৪ (৪৬.৩ ওভারে, গিল ১০১*, রোহিত ৪১, রাহুল ৪১*, রিশাদ ২/৩৮)। ফল: ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: শুভমান গিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution