
প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ১০:০২ পি.এম
পঞ্চগড়ে পুলিশের বিশেস অভিযানে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

পঞ্চগড়ে গত শনিবার রাতভর চলে ডাকাত আতঙ্ক। পুলিশের একাধিক টিমের সাথে স্থানীয়রাও রাতভর পাহাড়া দেন নিজ নিজ এলাকা। তেঁতুলিয়া উপজেলায় ঘটে ডাকাতির দুইটি ঘটনাও। দীর্ঘ সময় অভিযান চালিয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ডাকাতচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এখনো চলছে পুলিশের অভিযান।
আটককৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার ফকিরপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর রহমান (৪০), পালানো শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৮)।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১ টায় তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর এলাকার স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে ডাকাতচক্রের ৮ থেকে ১০ জন। এক সময় ওই স্কুল শিক্ষক ও তার স্ত্রীকে বেধে রেখে মারধর করা হয়। পরে বাড়িতে থাকা ৩৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। এ সময় টের পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাতরা। এই খবর মুহুর্তেই ছড়িয়ে যায় পুরো জেলায়। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। ডাকাত ধরতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি রাতভর অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক টিম। পুলিশের সাথে স্থানীয় মানুষরাও লাঠিশোঠা নিয়ে পাহাড়া দেয়।
রবিবার সকালে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ডাকাতচক্রের ওই ৫ সদস্যকে আটক করে পুলিশ। স্কুল শিক্ষক বেলায়েত হোসেন বলেন, আমার বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আমাদের ঘরের দরজা ভেঙে আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশিয় অস্ত্র ছিলো। পরে তারা আমাদের হাত পেছনে বেধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। আমার স্ত্রীর কান ও হাত থেকে স্বর্ণালঙ্কার খুলে নেয়। সব মিলিয়ে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিলো। পাশের ঘরে আমার মেয়ে ছিলো। ওই ঘরের দরজা খুলতে পারেনি। আমার মেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের ফোনে জানিয়ে দিলে তারা এগিয়ে আসে। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। তারা পিকআপ নিয়ে এসেছিল। তাদের কারো মুখে কালো কাপড় ছিলো না। এখনো আমাদের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ডাকাতচক্রের ৫ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এখনো আমাদের অভিযান চলছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাতে পারবো।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution