
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী বস্তায় পুরনো সরকারের স্লোগান থাকার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ে। ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা বস্তায় টিসিবির পণ্য বিতরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে সমালোচনা চলছে।
জেলার বিভিন্ন টিসিবি ডিলার পয়েন্টে এখনো এসব বস্তা ব্যবহারের প্রমাণ মিলেছে। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনা থাকলেও ঠাকুরগাঁওয়ে এখনো পুরনো স্লোগানযুক্ত বস্তা পরিবর্তন করা হয়নি। এতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রুহিয়া এলাকার একাধিক টিসিবি ডিলার জানান, তাঁরা যে বস্তা সরবরাহ পেয়েছেন, সেগুলোই ব্যবহার করছেন। অন্য জেলাগুলোতে পরিবর্তনের কথা শোনা গেলেও ঠাকুরগাঁওয়ে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, সরকারের পরিবর্তন হলেও প্রশাসনের কিছু কর্মকর্তার ভূমিকায় এখনো পরিবর্তন আসেনি। জেলা খাদ্য নিয়ন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মাহমুদুল হাসান বলেন, ‘এল এস ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজল রেখাকে ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। এখানে এই বস্তা কিভাবে আসলো সেটি তদন্ত করে আমরা দেখতেছি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিষয়টি আমি এখনো জানিনা। তবে আমাদের নির্দেশনা রয়েছে পুরনো বস্তাগুলো যেন পরিবর্তন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution