
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ফারুক আহম্মেদ ও তার পরিবার আওয়ামী লীগ নেতাদের দাপটে এখনো বাড়িছাড়া বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে রংপুরের পীরগাছা প্রেসক্লাবে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক আহম্মেদ ও তার স্ত্রী আনজুয়ারা বেগম অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের ছেলে ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং সোহেল রানা দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখল করে ভোগ করছেন। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বাড়িছাড়া করেছেন বলেও অভিযোগ করেন তারা।
ফারুক আহম্মেদ বলেন, 'আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রাণের ভয়ে আত্মীয়স্বজনের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।' তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের দোসরদের অত্যাচারে আমরা পীরগাছায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছি। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যেন আমরা নিজেদের বাড়িতে নিরাপদে ফিরে যেতে পারি। একইসঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তার বলেন, 'এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কারও জমি দখল করিনি, বরং আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তাছাড়া আমরা কেউ আওয়ামী লীগের সঙ্গে জড়িত নই।' এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন বলেন, 'এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution