
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ২:৪৫ এ.এম
ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

শনিবার (২২ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলা সদরের কালির বাজার এলাকায় উদাখালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সম্প্রতি ভিজিএফ-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া, জনগণের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং তার ক্যাডার বাহিনীর দমন-পীড়নের কারণে এলাকাবাসী চরম অতিষ্ঠ। বক্তারা দ্রুত দুর্নীতিবাজ এই চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান। আরও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution