
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ১০:১০ পি.এম
দহগ্রাম বিওপিতে মানব পাচারকারী আটক

লালমনিরহাটের পাটগ্রামে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত তিনবিঘা করিডোর চেকপোস্টে এক মানব পাচারকারী আটক হয়েছে। রোরবার (২৩ মার্চ) সকালে ঘটিকায় বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে। তল্লাশীকালে বিজিবি সদস্যরা সন্দেহজনক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, জয়নাল আবেদীন (৩৫), যিনি পেশায় একজন মানব পাচারকারী, ২০,০০০ টাকার বিনিময়ে শ্রী ধ্রুব (১৭) নামে এক কিশোরকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। জয়নাল আবেদীন পাটগ্রাম থানার শালদলী গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতার নাম আজিজুল হক। অন্যদিকে, কিশোর ধ্রুব দিনাজপুর জেলার কননাই গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম শ্রী দীপক।
বিজিবি সদস্যরা তাঁদের সন্দেহভাজন কার্যকলাপের প্রমাণ পেয়ে উভয়কে আটক করে। আটককৃত আসামীদের পাটগ্রাম থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। নিয়মিত তল্লাশী ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধে সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় জনগণ বিজিবির সতর্কতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মানব পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution