
রংপুরের পীরগাছায় ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাহবুবার রহমান নামে একজনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার ব্রাহ্মনীকুন্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার মাহবুবার রহমান একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
গত ২৬ মার্চ সকাল ১১টায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আপ্তাব উদ্দিন হাশিম গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা জানান, সেদিন তিনি কাপড় ধোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় মেয়েকে ঘরে রেখে যান। কিছুক্ষণ পর মেয়ের চিৎকার শুনে বাড়িতে ফিরে দেখেন, মাহবুবার রহমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছেন। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাহবুবার পালিয়ে যান। এরপর ভুক্তভোগীর পরিবার পীরগাছা থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে মাহবুবার পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবার রহমান বিভিন্ন কোচিং সেন্টার ও কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেছেন। এলাকাবাসীর দাবি, এর আগেও তার বিরুদ্ধে একাধিক নৈতিক স্খলনের অভিযোগ উঠলেও স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় সে সব অভিযোগ আপসে মিটে যায়। ভুক্তভোগীর মা জানান, গতবারও মাহবুবার তার মেয়েকে হয়রানির চেষ্টা করেছিলেন, কিন্তু সম্মান রক্ষার ভয়ে ও প্রভাবশালীদের চাপে মামলা করতে পারেননি। তবে এবার তিনি আসামির কঠোর শাস্তি দাবি করেছেন। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মামলার তদন্ত চলাকালে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছিল। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution