
আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত ৮ এপ্রিল বিশ্বের ৫৪তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী।”
২০২০ সালে যুক্তরাষ্ট্র ও সাতটি দেশ মিলে আর্টেমিস গঠন করে। এরপর বাংলাদেশ মোট ৫৪টি দেশ এই জোটে যোগ দিয়েছে। এই জোটটির লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণসহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution