
কুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীন সড়কের গাইড ওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার নারিকেলবাড়ী ব্যাপারীপাড়া এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী এলাকাবাসী বুধবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মাজাহারুল আনোয়ার মামুন। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে ২০২৪ সালে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নারিকেলবাড়ী ব্যাপারীপাড়ায় এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে গ্রামীন সড়কের পাশে স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ সরকারের পুকুরপাড় ঘেষে প্রায় ২৫০ ফুট গাইড ওয়াল নির্মাণ করা হয়। এতে করে ওই এলাকার ব্যাপারীপড়াসহ ভাটিয়াপাড়া ও থেতরাইগামী শত শত মানুষের চলাচলের সড়কটি ভাঙনের হাত থেকে রক্ষা পায়। সম্প্রতি ওই এলাকার বাসিন্দা কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাজাহারুল আনোয়ার মামুন ক্ষমতার অপব্যবহার করে জেলা পরিষদের গাইড ওয়ালের প্রায় ১৫০ ফিট খুলে নেয়। এরপর সেই গাইড ওয়াল তার নিজস্ব পুকুরে স্থাপন করেন। এ কারণে পুকুর পাড় ঘেষে থাকা সড়টির মাটি ধ্বসে পড়ে যাতায়াতের দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
এদিকে জেলা পরিষদের অর্থায়নে গ্রামীন সড়কের পাশে স্থাপিত সরকারি গাইড ওয়াল খুলে ব্যক্তি অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন পুকরে ব্যবহার করার অভিযোগ ও স্থানীয় মানুষে দুর্ভোগ কমাতে বুধবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরেজমিন ওই এলাকায় গেলে কথা হয় স্থানীয় আব্দুল হাকিম (৫৯), শফিকুল ইসলাম (৪২), লুৎফর হোসেন (৬১)সহ অনেকের সাথে। তারা বলেন, স্থানীয় মানুষের হাঁটা চলার সুবিধার জন্য জেলা পরিষদ থেকে কাচা রাস্তাটি রক্ষার জন্য পুকুর ঘেষে গাইড ওয়াল নির্মাণ করে দেন। অথচ মামুন সাহেব ক্ষমতার অপব্যবহার করে তা খুলে নিয়ে নিজের বাড়ির পুকুরের গাইড ওয়াল দিয়েছেন। এতে করে আমাদের চলাচলের রাস্তাটি ধ্বসে পড়া শুরু হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে রাস্তাটির সব মাটি পুকুরে চলে যাবে এবং আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে। একজন সরকারি চাকরিজীবি হয়ে এমন কাজ করা তার উচিত হয়নি। এলাকার মানুষের সুবিধার্থে আমরা দ্রুত পূর্বের জায়গায় গাইড ওয়াল স্থাপনের দাবি জানান তারা জানা।
এ বিষয়ে অভিযুক্ত নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাজাহারুল আনোয়ার গাইড ওয়াল খুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার বাড়ি সংলগ্ন পুকুরের গাইড ওয়াল নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছিলাম। পরবর্তীতে পাশের ওই সড়কের অবস্থা খারাপ হওয়ায় মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত সড়কের পাশে পুকুর সংলগ্ন গাইড ওয়ালের কাজ হয়। কয়েকদিন আগে জানতে পারি উলিপুর পৌরসভার থেকে ওই সড়কটি মেরামত করা হবে। তাই গাইড ওয়াল খুলে নিয়ে বরাদ্দকৃত জায়গায় স্থাপন করেছি। তবে যেটা আমি করতে পেরেছি এটা কেউ করতে পারবে না বলেও দাম্ভিকতা দেখান এ কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution