

দিনাজপুরে ঘোড়াঘাটে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আদর্শ বিদ্যানিকেতনের হলরুমে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রাণার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সহ সভাপতি ও আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন রুহুল আমিন । প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার লিটারেচার-এফসাকলের জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ বেতারের গীতিকার সুলতান আহমেদ সোনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লিয়ন রহমান।
আলোচনা সভায় বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক তাদের স্বরচিত কবিতা, গল্প পাঠ করে শোনান। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য পত্র-৭ ও সংগঠনের সদস্য লেখক আব্দুল লতিফ এর ধর্মীয় গ্রন্থ 'আল্লাহর আদেশ-নিষেধ' নামে দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, ঘোড়াঘাট ছয়ঘট্টি মাদ্রাসার সুপারেনটেনডেন্ট আলতাফ হোসেন সরকার, ঘোড়াঘাট শব্দ প্রেমী সাহিত্য সংসদের সভাপতি আব্দুল হাদী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কবি ও লেখক ইমদাদুল হক খান, জয়পুরহাটের কালাই উপজেলার শিক্ষক ও প্রত্নতাত্ত্বিক গবেষক আব্দুল মজিদ, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, গাইবান্ধা প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি এড. কাসেম ইয়াসবীর, রংপুর বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ওয়াসিম আহম্মেদ শান্ত, জয়পুরহাট সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যতন কুমার দেবনাথ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution