

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদী, সহ-সভাপতি মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এজাবুল হক, সদস্য আশরাফুল আজম চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সামাজিক, অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য দূর করতে প্রদেশ গঠনের বিকল্প নেই। দেশে প্রাদেশিক সরকার না থাকায় জনগণ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়াও বিভিন্ন অঞ্চলের সমস্যাগুলো সংসদে উঠে আসছে না। দেশের বিভিন্ন এলাকা সুবিধাবঞ্চিত হওয়ায় পিছিয়ে পড়েছে। দেশে বৈষম্য দূরীকরণ ও ক্ষমতার ভারসাম্য সুশাসন প্রতিষ্ঠায় রংপুরসহ ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠন জরুরি হয়ে পড়েছে।
সমাবেশে সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, অংশীদারিত্বের গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণাসহ কল্যাণকর ও টেকসই রাষ্ট্রবিনির্মাণে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়।
মানববন্ধন সমাবেশ শেষে দাবি আদায়ে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবর স্মারকলিপি দেন প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য; পুরোনো চার বিভাগের সীমানাকে চারটি প্রদেশে ভাগ করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্ষমতার প্রত্যর্পণ বিবেচনায় দেশে বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে এ প্রস্তাব করা হয়।
এ বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশসহ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
এ ছাড়া ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় নিয়ে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশও করেছে কমিশন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution