
কুড়িগ্রামের উলিপুরে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ মে) দুপুরে ওই কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মসজিদুল হুদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মন্জু, পদত্যাগকারী সদস্য আমিনুল ইসলাম, সদ্য ঘোষিত পৌর বিএনপির পদত্যাগকারী এক নম্বর যুগ্ম আহ্বায়ক নুরেচ্ছাবা স্টার, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা প্রমুখ।
এর আগে গত ১৬ মে (শুক্রবার)উলিপুর পৌরশহরের হাজী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে ফ্যাসিবাদী ও আওয়ামী সমর্থিত ও আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টির কর্মীদেরকে নিয়ে কমিটি গঠনের অভিযোগ করে তা বাতিলের দাবি জানিয়ে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির চারজন পদত্যাগ করেন।
তারা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার, যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু ও সদস্য আমিনুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, বিগত দিনে বিএনপির পদে থেকে অত্যাচারিত হয়ে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্বে দিয়েছেন বর্তমানে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি তারাই বির্তক সৃষ্টি করছে। এছাড়া যাকে জাতীয় পার্টির নেতা বলা হয়েছে উনি বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution