
২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বুধবার (২১ মে) রাত ৯টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক। গত ১৯ মে রাত ১টার দিকে বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ১২৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম। ২ দিন বন্ধ থাকার পর মেরামত শেষে আজ বুধবার বিকেলে বয়লারে ফায়ারিং উৎপাদনে যায়। কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের ১নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৬০/৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ১ নম্বর ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পরবে। বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট। ১ নম্বর ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াটের দুটি এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২০২০ সালে নভেম্বর থেকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে এখনও বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক বলেন, মেরামত শেষে বুধবার বিকেল ৫টা ইউনিটটির বয়লারে ফায়ারিং করা হয়। রাত ৯টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution