
সংস্কার ও রক্ষণাবেক্ষণের দীর্ঘদিনের অভাবে নীলফামারীর ডোমার উপজেলার চারটি গুরুত্বপূর্ণ সেতু বর্তমানে একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় জনগণের দাবি, প্রতিদিনই আতঙ্ক আর ঝুঁকি নিয়ে এসব সেতু ব্যবহার করছেন লক্ষাধিক মানুষ। দ্রুত মেরামতের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত এসব ব্রিজের মধ্যে রয়েছে শালকী নদীর উপর একটি ব্রিজ, একই সড়কে খুলখুলি নদীর উপর আরেকটি ব্রিজ, ধরনীগঞ্জ-বড়গাছা সড়কে শাহ কলন্দর নদীর উপর একটি ব্রিজ এবং সোনারায়-ডোমার ফার্ম সড়কে একই নদীর উপর আরও একটি ব্রিজ।
ব্রিজগুলোর স্তম্ভ ক্ষয়ে গেছে, বেরিয়ে এসেছে ভেতরের রড। অনেক জায়গায় রেলিং ভেঙে পড়েছে, স্ল্যাবে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ব্রিজের উপর দিয়ে যান চলাচল করার সময় কম্পন অনুভূত হয়, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
অটোচালক রফিকুল ইসলাম বলেন, "ব্রিজের উপর দিয়ে গেলে মনে হয় এখনই ভেঙে পড়বে। প্রতিদিন যাত্রী নিয়ে যাতায়াত করি, কিন্তু মনে ভয় লেগেই থাকে। সরকার যদি দ্রুত মেরামতের ব্যবস্থা না নেয়, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।"
ভ্যানচালক আমিনুল হক জানান, "ভ্যান নিয়ে ব্রিজ পার হতে গেলে গর্তে পড়ে প্রায় উল্টে যাই। অনেক সময় যাত্রী নামিয়ে হেঁটে পার হই, তারপর আবার উঠাই। এমন কষ্ট করে চলাচল করতে হচ্ছে প্রতিদিন।"
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, "স্কুলে যেতে হলে বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করতে হয়। বাবা-মা সবসময় চিন্তায় থাকে, কোনোদিন না জানি কী হয়ে যায়। আমরা চাই, সরকার দ্রুত ব্রিজগুলো ঠিক করুক।"
স্থানীয় বাসিন্দা হোসেন আলী জানান, "বছরের পর বছর ধরে ব্রিজগুলোর কোনো সংস্কার হয়নি। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা বহুবার অভিযোগ করেছি, এখন শুধু আশ্বাসই পাই, কাজের দেখা মেলে না।"
এ বিষয়ে ডোমার উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আলম জানান, "দু’টি ব্রিজের কাজের দ্রুত অনুমোদন হওয়ার কথা জানালেও অন্যদুটির কাজের অনুমোদনের চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি।"
উপজেলার গুরুত্বপূর্ণ এসব সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে স্কুলকলেজের শিক্ষার্থী, কৃষিপণ্য বহনকারী যানবাহন, রোগীবাহী গাড়ি ও সাধারণ যাত্রীরা। একাধিক দুর্ঘটনার পরও কেন এই সেতুগুলো অবহেলিত রয়ে গেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
জনদুর্ভোগ এড়াতে এবং বড় কোনো বিপদ ঘটার আগেই দ্রুত এসব ব্রিজের সংস্কার ও পূর্ণ মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution