
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৬:৫৪ পি.এম
দুর্নীতিবিরোধী লড়াইয়ে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। সোমবার শহরের গোবিন্দনগর এলাকার ইএসডিও মেধা অনুশীলন কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী ভাবনা, যুক্তি ও সৃজনশীলতার প্রকাশ বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ছিল উত্তেজনাপূর্ণ। এতে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. রিফাত তার অসাধারণ যুক্তিতর্কের মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমির শরিফ মারজী।
এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, দুদকের সহকারী পরিচালক মো: ইমরান হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তারা দুর্নীতি রোধে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সততা ও সাহসের বীজ বপন করে, যা আগামী দিনের সৎ ও সাহসী নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক ব্যতিক্রমী সংযোজন ছিল অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং উপস্থিত দর্শকদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ। দুদকের উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় এই উপহার প্রদান করা হয়, যা পরিবেশ সচেতনতার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবুজ ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এই মিলনমেলা প্রমাণ করে, দুর্নীতি দমনে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution