

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠনের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পুরো মে মাসজুড়ে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিন সংগঠন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আটটি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরই মধ্যে সফলভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়, যা এ কর্মসূচির চূড়ান্ত পর্ব।
দলীয় নেতারা এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাজের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চান, সেটি হলো— ‘রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ’।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution