

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ইকরচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ডাকাতেরা প্রামাণিকপাড়া গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সাকলাইন ইকরচালী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী সাকলাইন প্রামাণিক জানান, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ থেকে ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলেন। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বাঁধা হয়। তারপর ডাকাতেরা ঘরের দুটি আলমারির তালা ভেঙে সার বিক্রির ও মায়ের জমানো সহ প্রায় ৫০ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোরে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করেন।
সাকলাইন প্রামাণিক সকালের বাণী প্রতিবেদককে বলেন, ‘অস্ত্রের মুখে জিম্মি করে হাত–পা বেঁধে আমাদের ৫০ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় এনে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে আমরা প্রযুক্তির মাধ্যমে তত্বাবধান করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution