
নীলফামারীর ডোমারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় বেবি আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক পুত্র সন্তান সুস্থ রয়েছে। এ ঘটনায় ডাঃ নাজমুস সাকিব , সেবিকা মোছাঃ সুমনা আক্তার ও সাবিয়া আক্তারকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। মৃত বেবি আক্তার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগা পাড়া এলাকার মো. নুর আলমের স্ত্রী। তাদের আরও দুই সন্তান রয়েছে একজনের বয়স ১২ বছর, অন্যজনের ৬ বছর।
জানা গেছে, গত ১৪ জুন বিকেলে প্রসব বেদনা শুরু হলে বেবি আক্তারকে ডোমারের জনতা ক্লিনিকে ভর্তি করান পরিবারের সদস্যরা। সেখানে মহিলা ডাক্তার রিজওয়ানা ইয়াসমিন কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানান, রোগীর পেটে পানি না থাকায় সিজারিয়ান অপারেশন করতে হবে। ওইদিন সন্ধ্যা ৬টায় অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন বেবি আক্তার। সিজারের সময় উপস্থিত ছিলেন ডাক্তার রিজওয়ানা ইয়াসমিন, ডাক্তার নিহার রঞ্জন এবং ওটি বয় বিপুল সরকার।
অপারেশনের পর থেকে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হলে রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জনতা ক্লিনিক ঘিরে বিক্ষোভ শুরু করেন স্বজন ও এলাকাবাসী। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ডা. নাজমুস সাকিব, সেবিকা মোছাঃ সুমনা আক্তার ও সাবিয়া আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী। প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের অবহেলার সত্যতা পাওয়া গেলে ক্লিনিকটি তাৎক্ষণিক সিলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, “এখনও লিখিত অভিযোগ পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী বলেন, “প্রাথমিকভাবে অবহেলার প্রমাণ মেলায় জনতা ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, “আমরা ভুক্তভোগী পরিবারের করা এজাহার পেয়ে মামলা রেকর্ড করেছি। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল থেকে ডোমারবাসীর মধ্যে একটা অস্থিরতা ছিলো। আমরা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনবো।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution