
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধাকে আটক করা হয়েছে। তাঁর কার্যালয়ের গোডাউন থেকে রাতের আঁধারে রেললাইন ও অন্যান্য মালামাল পাঁচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে তাঁর কার্যালয় থেকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ও পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত আটটা) তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (১৮ জুন) গভীর রাতে সৈয়দপুর রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের গোডাউন ও ইয়ার্ডে সংরক্ষণে থাকা অসংখ্যক রেললাইন গ্যাস সিলিন্ডারের মাধ্যমে কাটা হয়। পরে সে সব বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে অজ্ঞাত স্থানে পাচার করা হয়েছে। আর গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনার বিষয়টি চাউর হয়। খবরটি অল্প সময়ে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদেরও কাছে চলে যায়। এ নিয়ে তাৎক্ষণিক প্রাথমিক তদন্ত নামেন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এতে ওই কার্যালয়ে পিকআপ ভ্যান প্রবেশের চাকার দাগ এবং গোডাউনে গ্যাস সিলিন্ডারের অস্তিত্ব এবং রেললাইনসহ অন্যান্য মালামাল পাঁচারের আলামত পাওয়া যায়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী যৌথভাবে উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মো. সুলতান মৃধাকে তাঁর কার্যালয় থেকে আটক করে রেলওয়ে থানা নিয়ে আসেন।
এ ব্যাপারে রেলওয়ের পার্বতীপুর এলাকার সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. তহিদুল ইসলাম বলেন, সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের গোডাউন থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইন কাটার সরঞ্জাম পাওয়া গেছে। সেখানে গ্যাস দিয়ে কাটা অবস্থায় কয়েকটি রেললাইনও দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে ওই গোডাউন থেকে বিপুল পরিমাণ রেললাইন ও অন্যান্য মালামাল পাচার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে তিনি বাদী হয়ে সৈয়দপুরে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন। এ রিপোর্ট পাঠানো ( রাত আটটা ) পর্যন্ত সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়েয়ের প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য , উপ সহকারী প্রকৌশলী সুলতান মৃধা দীর্ঘদিন থেকে সৈয়দপুরে ওই কার্যালয়ের ইনচার্জের দায়িত্বে রয়েছেন। আর তখন থেকে রাতের আঁধারে রেললাইনসহ রেলওয়ের অন্যান্য মালামাল পাচার করে আসছিলেন তিনি। সে সময় রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সাংগঠনিক সম্পাদক পদে থেকে তিনি দাপটে এ সব করতেন। এর আগেও এমন অনেক অপকর্মে তিনি ধরা খেলেও ক্ষমতার দাপটে রেহাই পেয়েছেন। এবার অবসরে যাওয়ার ৬/৭ আগে মালামাল পাচারের অভিযোগে আটক হলেন তিনি। এ ঘটনায় ব্যাপক রেলওয়ে অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution