
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। রোববার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি তাজউদ্দিন খন্দকার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম মিয়া (৫০) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৭ জুন রাত প্রায় সাড়ে ৩টার দিকে আব্দুর রহিম মিয়া পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পেট্রোল দিয়ে রবিউলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাফ বিল্ডিং, টিনসেড ঘর ও একটি মনোহারী দোকান পুড়ে ছাই হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের আনে। এ ঘটনায় প্রায় ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহিম মিয়া গংরা আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় গত শুক্রবার নামীয় সাতজন ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রহিম মিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেছেন। সেটি তদন্তাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution