
প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ১০:৫৯ পি.এম
পঞ্চগড়ে দুইটি চা কারখানাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পঞ্চগড়ের সদর উপজেলায় দুইটি চা কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় চালিয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা বোর্ডের উপসচিব মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন। পরে জরিমানার অর্থ ভ্রাম্যমান আদালতে নগদ প্রদান করেন কারখানা কর্তৃপক্ষ।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন এঁর নির্দেশক্রমে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন সোমবার বিকেলে পঞ্চগড়ের মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামীয় বটলিফ চা কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে বিভিন্ন অনিয়মের অভিযোগে চা আইন-২০১৬ মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অস্বাস্থ্যকর পরিবেশে চা উৎপাদনের নিমিত্তে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।
পরবর্তীতে সুন্দরবন, করতোয়া ও এ. জে. আর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এতে নিলাম কেন্দ্রের ছাড়াপত্র ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে বিক্রির জন্য রাখা ৯০টি চায়ের বস্তা জব্দ করা হয়। পরে জব্দকৃত চায়ের বস্তা গুলো পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষকের জিম্মায় হস্তান্তর করা হয়। কাগজপত্র যাচাই অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনার সময়ে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম ও পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, পঞ্চগড়ের কর্মকর্তাবৃন্দ সহ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution