ইউপি প্রশাসনিক কর্মকর্তা শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শুক্র থেকে রবিবার তিন দিন অফিস বন্ধ ছিল। সোমবার অফিসে এসে এলাকাবাসীর অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় পরিষদের বড় একটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত হই। পরে বিষয়টি ইউপি প্রশাসককে অবহিত করি।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, রংপুরের পীরগাছায় কল্যাণী ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে ও প্রাচীরঘেঁষা উত্তরে দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস গাছটি নেই। সেখানে গাছের গুঁড়ি পড়ে রয়েছে।
এলাকাবাসী জানান, রবিবার গাছ কাটার সময় তারা বাধা দিলে ইউপি সদস্য নেছার আহমেদ লোকজন নিয়ে ভয়ভীতি দেখান এবং জোরপূর্বক গাছ নিয়ে চলে যান। এমনকি যাওয়ার সময় পরিষদের বাকি গাছগুলোও কেটে নেওয়ার হুমকি দেন তারা। এ সময় ইউপি সদস্য হুমায়ুন কবির তাকে সহযোগিতা করেন বলে অভিযোগ স্থানীয়য় লোকজনের। ইউপি সদস্য নেছার আহমেদ গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আমার বাড়ির কাজের জন্য হুমায়ুন মেম্বারসহ একটি গাছ কেটেছি। তবে ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ‘গাছকাটার বিষয়ে আমি কিছুই জানি না।’
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে এমন অপকর্ম অপ্রত্যাশিত। তারা পরিষদের সম্পদকে নিজেদের সম্পত্তি মনে করে ব্যবহার করছেন, যা দুঃখজনক ও বেআইনি। স্থানীয় বাসিন্দা জিকরুল আমিন বলেন, ‘নেছার ও হুমায়ুন আগে আওয়ামী লীগের দোসর ছিল, এখন বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে। সরকারকে বিতর্কিত করতে এরা সক্রিয়। তাদের বিচার হওয়া উচিত।’ আরেক স্থানীয় বাসিন্দা শাহাজাহান মিয়া বলেন, ‘চেয়ারম্যান নুর আলমের পছন্দের লোক হওয়ায় নেছার মেম্বার অতীতেও একাধিক অপকর্মে জড়িয়েছেন। পরিষদের গাছ নিজের পৈত্রিক সম্পদ মনে করে ব্যবহার করছেন।
স্থানীয় সাংবাদিক হারুন অর রসিদ বাবু বলেন, ‘নেছার মেম্বার নিজেকে সৎ দাবি করেন। অথচ তিনিই ইউএনও নাজমুল হক সুমনের কথায় আমিসহ তিন সাংবাদিক ও এলাকাবাসীর নামে মামলা করেছেন। এখন নিজেই পরিষদের সরকারি গাছ কেটে বাড়িতে নিয়ে গেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এলাকাবাসীর দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা হোক। এ বিষয়ে কল্যাণী ইউপি প্রশাসক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিইনি। তবে গাছ কাটার বিষয়টি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।