
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:৫৭ পি.এম
পঞ্চগড়ে এসআই পরিচয়ে কনস্টেবলের লাখ টাকা চাঁদা দাবি আটক দুই

পঞ্চগড়ের সদর উপজেলায় এসআই (উপপরিদর্শক) পরিচয়ে লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মিজানুর রহমান (২৮) নামে সদর থানা পুলিশের এক কনস্টেবল। এসময় শরিফুল ইসলাম (৩০) নামে ডিবি পুলিশের সোর্স পরিচয় দেয়া আরেকজনকে আটক করা হয়। গত শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়া পাড়া এলাকায় এঘটনাটি ঘটে। পরে তাদের সদর থানা পুলিশ ও পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
সদর থানা পুলিশের কনস্টেবল মিজানুর রহমানের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকায়। এছাড়া আটক অপরজন শরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের পেলকুজোত এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পঞ্চগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, গত শনিবার রাতে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়া পাড়া এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে গেম খেলছিল ১৪ বছর বয়সী কিশোর মাধব চন্দ্র রায় সহ তিনজন। এসময় সদর থানা পুলিশের এসআই পরিচয় দেন কনস্টেবল মিজানুর রহমান ও ডিবি পুলিশের সোর্স পরিচয় দেন শরিফুল ইসলাম নামে স্থানীয় একজন। তাদের সাথে ছিল আরো দুইজন। তারা জানান, সদর থানায় কিছুক্ষণ আগে মিটিং হয়েছে ক্যাসিনো গেমের বিরুদ্ধে। যদি কাউকে খেলায় পাওয়া যায় তাহলে আটক করা হবে। পরে তারা মাধবকে ক্যাসিনো খেলার অভিযোগ দিয়ে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া শুরু করেন। পরে মাধবের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে মাধবকে ছাড়াতে পরিবারের কাছে একলক্ষ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমান। পরে স্থানীয়দের সন্দেহ হলে মিজানুর ও শরিফুলকে আটক করে জনতা। এসময় তাদের সাথে থাকা আরো দুইজন পালিয়ে যান। পরে থানা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আল আমিন, সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম আলী সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
গত কয়েকদিন আগেও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান দুই জনের কাছে সাড়ে তিন হাজার টাকা চাঁদা নিয়ে গেছেন বলে জানান এই ইউপি সদস্য।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, আপনার যা শুনেছেন তা সত্য। পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আটক অপরজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution