
রংপুর - সৈয়দপুর মহাসড়কের হাজীরহাটের পাহাড়ি এলপিজি এলাকায় বাস-ট্রাকের মাঝে পিষ্ট হয়ে আখতারুজ্জামান হিমেল (৩৯) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর হাজীরহাট থানা সংলগ্ন এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান হিমেল নীলফামারী কিশোরগঞ্জ গাড়াগ্রাম পশ্চিম গণিরাম এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হাজীরহাট থানার ওসি মো. রাজিবুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে রংপুর থেকে নিজ বাড়ি গাড়াগ্রামের দিকে যাচ্ছিলেন আখতারুজ্জামান। তিনি হাজীরহাট থানা এলাকায় আসলে রংপুর-সৈয়দপুর মহাসড়কে একটি ট্রাককে ওভারটেক করতে যান। এ সময় বিপরীত দিক থেকে একটি বাস আসলে তিনি বাস ও ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। তিনি এসিআই কম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পরেই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘন্টা খানেক পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
রংপুর মেট্রা হাজীরহাট থানার ওসি মো. রাজিবুল ইসলাম বলেন, ওভারটেকিংয়ের কারণে মোটরসাইকেল আরোহী আখতারুজ্জামানের মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution