
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত ও প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৪টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতপাড়া বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ২টি মুদি, ১টি সেলুন, একটি খালি দোকান ও একটি কীটনাশকের দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, একটি মুদি দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার মধ্যে মাত্র এক লাখ টাকার মতো পোড়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সবকিছুই পুড়ে গেছে। এরমধ্যে মুদি দোকানগুলোর প্রায় সব মালামাল এবং কীটনাশক দোকানের কিছু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সরেজমিনে দেখে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ডাকা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution