
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১০:৩৭ পি.এম
পীরগাছায় পৈতৃক জমির ঝগড়ায় গাছের উপর প্রতিশোধ

রংপুরের পীরগাছায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের রোপণকৃত প্রায় ৮০টি ফলন্ত গাছ কেটে ফেলেছে বড় ভাই ও তার লোকজন। এমন ঘটনায় গত মঙ্গলবার পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাইদুল ইসলাম। এতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগী ছাইদুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের ধাপগাছ গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ধাপগাছ গ্রামের আব্দুল গফুরের দুই ছেলে মতিয়ার রহমান ও ছাইদুল ইসলাম। পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত ৭ মে বড় ভাই মতিয়ার, তার স্ত্রী শামছুন্নাহার এবং শ্যালক সাগর মিলে ছাইদুলের স্ত্রী সেলিনা আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় সেলিনা আক্তার বাদী হয়ে রংপুর আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
পরবর্তীতে সোমবার রাত ১০টার দিকে ছাইদুল ইসলাম বাড়িতে না থাকায় অভিযুক্তরা ফের ওই জমির প্রায় ৮০টি মেহগনি, নেপিয়ার ও কলাগাছ কেটে ফেলে। ঘটনার প্রতিবাদ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন ছাইদুল। এ বিষয়ে ছাইদুলের আরেক ভাই মিজানুর রহমান বলেন, 'বড় ভাই মতিয়ার ও তার লোকজন মিলেই গাছগুলো কেটে ফেলেছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছে।'
একই অভিযোগ করেছেন মতিয়ারের চাচা আব্দুল আজিজও।এ ব্যাপারে মতিয়ার রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়। পীরগাছা থানা পুলিশের এসআই শাকিল শাহনেওয়াজ বলেন, 'এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution