
প্রেম মানে না জাতি, কুল কিংবা ভৌগোলিক দূরত্বের বাধা। এমনই এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন সুদূর চীন থেকে আসা এক যুবক, যিনি বিয়ের পিড়িতে বসতে এসেছেন বাংলাদেশের এক তরুণীর সাথে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে।
এ খবর ছড়িয়ে পড়তেই শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে প্রেমিকার বাড়িতে ও এক নজর চীনা যুবককে দেখার জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকের নাম ইউয়ান জিয়াওক্সিয়াং (২৬), পেশায় নির্মাণ শ্রমিক। তার বাড়ি চীনের তাইকো জিয়াংসু এলাকায়। বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় এক বছর আগে ‘হ্যালো টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে তার পরিচয় হয় কাজিপাড়া শিমুলতলার অটোরিকশা চালক নুর হোসেন (বাবু)-এর মেয়ে সুরভী আক্তার (১৯)-এর সঙ্গে। অনলাইনে কথোপকথনের মাধ্যমে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমিকার টানে যুবকটি গত ৪ আগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন। গত রবিবার সন্ধ্যায় তিনি পৌঁছান সুরভীর বাড়িতে। সুরভি দুই বোনের মধ্যে ছোট তাদের মা সাথি আক্তার একজন গৃহিণী। সুরভীর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, চীন থেকে আসা যুবকের পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই তাদের বিয়ে সম্পন্ন করা হবে।
এ প্রসঙ্গে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। বিদেশি নাগরিকের বাংলাদেশে অবস্থান এবং বিবাহের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া আছে। তার ভিসা, পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে। সব কিছু বৈধ হলে পরিবার চাইলে বিয়েতে কোনও বাধা থাকবে না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution