
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৬:৫৯ পি.এম
পাটগ্রাম সীমান্ত দিয়ে এবার দুই পঙ্গু বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

বিজিবি জানায়, ঠেলে পাঠানো দুই ব্যক্তি হলে— সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্তারকোনা গ্রামের আবু সিদ্দিক (৫০) ও নড়াইলের কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামের রানু মোল্লা (৬০)। দুজনই শারীরিকভাবে পঙ্গু। সিদ্দিকের ডান পা হাঁটুর নিচ থেকে নেই এবং রানু মোল্লার ডান হাত কবজি থেকে কাটা।
জানা যায়, কোচবিহার জেলার বিএসবাড়ী ক্যাম্পের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা প্রধান সীমান্ত পিলার ৮৪৫-এর কাছে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল তাঁদের প্রধানপাড়া এলাকা থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক দুই ব্যক্তি জানিয়েছেন, প্রায় এক বছর আগে তাঁরা অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে গুজরাটে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভারত থেকে ঠেলে পাঠানো দুই ব্যক্তিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। নাগরিকত্ব যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, একই বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত ১৩ আগস্ট দুই শিশুসহ ৯ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution