
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের চতুর্থ আসর বসবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। তার আগে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ২৩ ক্রিকেটার।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ড্রাফটে নাম দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আরও আগে, ২০২৪ সালের অক্টোবরে। সাবেক এই টাইগার অলরাউন্ডার অবশ্য এখনও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। তারই ধারাবাহিকতায় এসএ২০–তে নাম দিলেন মাহমুদউল্লাহ। এর বাইরে বাকি ২২ বাংলাদেশি কারা তা উল্লেখ করেনি ক্রিকবাজ।
ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution