

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শুক্রবার প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও তাঁর মন্ত্রিসভাকে বরখাস্তের আদেশ দিয়েছেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে তাঁর ভূমিকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা দেশটিকে রাজনৈতিক অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত মাসে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।জুন মাসে শক্তিশালী সাবেক কাম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে এক টেলিফোন কলে তিনি থাইল্যান্ডের পক্ষে যথাযথ অবস্থান নিতে ব্যর্থ হন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই কল অনলাইনে ফাঁস হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।
৯ সদস্যবিশিষ্ট বিচারক প্যানেলে রায়ে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁকে পদচ্যুত করা হলো। সংসদে ভঙ্গুর জোট সরকারের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত প্রার্থী না থাকায়, তাঁর কর্মকাণ্ড দেশটিকে রাজনৈতিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
একজন বিচারকের পাঠকৃত রায়ে বলা হয়, ‘তাঁর কর্মকাণ্ড আস্থা হারিয়েছে, ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের ওপরে প্রাধান্য দিয়েছেন। এতে জনগণের সন্দেহ তৈরি হয়েছে, তিনি কাম্বোডিয়ার পক্ষ নিচ্ছেন ও প্রধানমন্ত্রীর পদে তাঁর প্রতি নাগরিকদের আস্থা ক্ষুণ্ন হয়েছে। আসামি নৈতিক আচরণবিধি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাঁর প্রধানমন্ত্রিত্ব কার্যত ১ জুলাই স্থগিতাদেশের সঙ্গেই শেষ হয়েছে।’
এ রায় পেতংতার্নের মন্ত্রিসভাকেও ভেঙে দিয়েছে। এর এক বছর আগে একই আদালত ভিন্ন এক নৈতিকতার মামলায় তাঁর পূর্বসূরি স্রেথা থাভিসিনকেও প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution