
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মধ্য রাজিব চেংমারী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল (ইটাডল) ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার দুপুরে আটক রুবেলকে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেপ্তার রুবেল ইসলাম ওই ইউনিয়নের মৃত ওয়াজ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার ঘরে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও আসামিকে থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি আশরাফুল ইসলাম জানান, রুবেলকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution