সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোনে বা অনলাইনে কোন ধরনের জুয়া খেলার আ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি,ডাউনলোড পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ নাজমুল আলম।
গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি অবগত করেন যে, কারো মোবাইল ফোনে জুয়া খেলার আ্যাপস পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেয়ার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ওসি আরো জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধ সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।
তিনি আরো বলেন, খুব শীঘ্রই এইসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হবো আমরা। তাই সবাইকে আগাম সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।