
প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৯:৫৫ পি.এম
কিশোরগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে দুই বাল্যবিবাহ বন্ধ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টা থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পুটিমারী ও নিতাই ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
অভিযানের সময় পুটিমারী দক্ষিণ ডাঙ্গাপাড়ায় কনে ইসমোতারা (পিতা: রুহুল ইসলাম) ও বর মো. মোস্তাকিম (পিতা: রফিকুল ইসলাম)-এর বিয়ে আয়োজন করা হয়। তবে কনের স্থলে ভুয়া কনে হিসেবে উপস্থিত ছিলেন শামীমা আফরোজ (পিতা: আব্দুস সালাম, সাং: পানিয়াল পুকুর)। ঘটনাস্থলে মোবাইল কোর্ট ভুয়া কনেকে ৩ হাজার টাকা, কনের পিতাকে ৫ হাজার টাকা এবং বরকে ২০ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়ায় কনে মোছা. মোস্তাকিমা (পিতা: মোস্তফা) ও বর মমিনুর (পিতা: মোবারক, গ্রাম: নয়ানখাল ডাকঘরপাড়া)-এর বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এখনও সচেতনতার অভাবে বাল্যবিবাহের প্রবণতা দেখা যায়। উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এসব অভিযান চালাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পদক্ষেপে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে বাল্যবিবাহের হার কমে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “আজ রাতের অভিযানে দুইটি ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ধরনের অভিযান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে চলবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution