
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৪:০০ পি.এম
রংপুরে পদ্মরাগের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টারের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা স্টেশনে বিরতি দিয়ে আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার পরপরই বগি থেকে আতঙ্কিত মানুষ নামতে শুরু করেন। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঊর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।
ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম বলেন, 'হঠাৎ করেই ট্রেনটা থেমে যায়। পরে শুনলাম বগি লাইনচ্যুত হয়েছে। আমরা আতঙ্কে পড়ে যাই। শেষমেশ পায়ে হেঁটে রাস্তায় উঠে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে।'
আরেক যাত্রী মমতাজ বেগম বলেন, 'ভোগান্তি মাথায় নিয়ে এখন বাড়ি যাওয়ার উপায় খুঁজছি।'
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ আলী বলেন, লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন দুপুর সোয়া ২টার দিকে রওনা দিয়েছে। আজ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রাতের মধ্যে লাইন সচল করার চেষ্টা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution