
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। করতোয়া ও দোলনচাপা ট্রেনসহ একাধিক ট্রেন পথে আটকা পড়েছে। হঠাৎ এ দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। স্টেশন মাস্টারের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল।
ক্রসিং শেষ হওয়ার পর ট্রেনটি লালমনিরহাটের দিকে যাত্রা শুরু করে আউটার সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে।
এদিকে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুর্ঘটনার মূল কারণ উদঘাটনে কাজ করছে।
দুর্ঘটনার পরপরই বগি থেকে আতঙ্কিত মানুষ নামতে শুরু করেন। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন। পরে ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে একটি ও পার্বতীপুর থেকে অপর একটি রিলিফ ট্রেন পাঠানো হয়।
ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই ট্রেনটা থেমে যায়। পরে শুনলাম বগি লাইনচ্যুত হয়েছে। আমরা আতঙ্কে পড়ে যাই। শেষমেশ পায়ে হেঁটে রাস্তায় উঠে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে।’ আরেক যাত্রী মমতাজ বেগম বলেন, ‘ভোগান্তি মাথায় নিয়ে এখন বাড়ি যাওয়ার উপায় খুঁজছি।’
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ আলী বলেন, লালমনিরহাট থেকে আসা রিলিফ ট্রেন কাজ শুরু করেছে। এই রুটে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution