
প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৫:১২ পি.এম
হঠাৎ কুয়াশায় ঢাকা পড়লো পঞ্চগড় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময়ে জনজীবনে ফিরে এসতে দেখা গেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে।
পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকার করিম উদ্দীন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগে শীত নামবে।একই কথা বলেন স্বপন আহম্মেদ। তিনি বলেন, কয়েকদিন থেকে সন্ধার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখা গেছে। আজ সকাল চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তবে ৮টার পর সূর্যের মুখ দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সাথে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে। তিনি আরো বলেন, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা শনিবার কমে গিয়ে ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution