
একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঘোলা জলে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী উপচে সেই পানি হুহু করে ঢুকছে নিম্নাঞ্চলগুলোতে। ফলে পানিবন্দি হওয়ায় আশঙ্কায় তিস্তার তীরবর্তী মানুষেরা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেল ৩ টায় কাউনিয়া উপজেলার রেলসেতু পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫১ মিটার। যা ৭ ঘণ্টার ব্যবধানে সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত সেখানে পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে একই সময় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ মিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ১০ সেন্টিমিটার নিচে।
নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধিতে রংপুরের কাউনিয়া, গংগাচড়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কাউনিয়া উপজেলা টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, ভোরের পর থেকে পানি বাড়ছে নদীতে। ইতোমধ্যে তার ইউনিয়নের হরিচরণশর্মা, চর গনাই, হয়বৎখাঁ গ্রামের নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে, তলিয়ে গেছে ফসলি জমি।
ক্রমে বাড়ছে তিস্তা নদীর পানি। বন্যার আশঙ্কায় রয়েছি। অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। দুপুরের দিকে তীরবর্তী তিনটি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চরগনাই গ্রামের আব্দুল বাতেন বলেন, নদীর পানি হুহু করে বাড়ছে। চরাঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে আমন ধানের খেত। পানি বন্দি হওয়ার আতঙ্কে রয়েছি। তিনি সহ অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। চর হয়বৎখাঁ গ্রামের সোবহান আলী বলেন, গভীররাত থেকে পানি যে হারে বাড়ছে তাতে পানি বাড়ি ঘরে ঢুকে গেলে গবাদিপশু আর বাচ্চাকাচ্চা নিয়ে বিপদে পড়ে যাব। তাই সকালের দিকে গবাদিপশু আর ছোট বাচ্চাদের উঁচু স্থানে আত্মীয়ের বাড়িতে রেখে দিয়েছি।
জানতে চাইলে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিদুল হক বলেন, আজ তিস্তা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। আমরা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নে নদী তীরবর্তী বেশ কিছু এলাকা পানি বন্দি হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণের জন্য ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা তালিকা করে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution