
জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ সংস্কারের বিষয়ে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় রংপুরের আরডিআরএস বাংলাদেশ ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
এতে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগের (এলপিএডি) উপ-সচিব মৌসুমী দাস। এছাড়া বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র আইন শাসন, বিচার ও নিরাপত্তা উপদেষ্টা রোমানা শোয়েগার, ওএইচসিএইচআর বাংলাদেশের মানবাধিকার কর্মকর্তা আনিস মাহফুদ।
‘জাতীয় মানবাধিকার কমিশন খসড়া অধ্যাদেশ-২০২৫’ এর সংক্ষিপ্তসার তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শদাতা ব্যারিস্টার তানিম হোসেন শাওন।
সভায় জানানো হয়, বাংলাদেশ সরকার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া তৈরি করেছে। এবং এর ওপর অংশীজনদের (কর্মকর্তা, সুশীল সমাজ, আইনজীবী, শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধি) মতামত জানতে রংপুরে এই পরামর্শ সভা আয়োজন করা হয়। এই নতুন খসড়াটি জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-কে প্রতিস্থাপন করবে এবং প্যারিস নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্দেশ্যে এটি তৈরি করা হচ্ছে।
জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-কে প্রতিস্থাপন করে একটি নতুন অধ্যাদেশ তৈরি করা। প্যারিস নীতিমালা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো নিশ্চিত করা। সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক এবং গণমাধ্যম প্রতিনিধিসহ অংশীজনদের কাছ থেকে খসড়া আইনের বিষয়ে মতামত ও পরামর্শ সংগ্রহ করে নতুন খসড়া আইনে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় আইন ও প্রশাসনিক নির্দেশনা প্রণয়নে সরকারকে পরামর্শ ও সহযোগিতা প্রদানের বিষয়টি গুরুত্বসহ আলোচনা করা হয়। বাংলাদেশ সরকার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশে অবস্থিত সুইস দূতাবাসের সহযোগিতায় এই সংস্কার প্রক্রিয়া পরিচালনা করছে।
উন্মুক্ত আলোচনায় অংশীজনরা বলেন, কমিশনকে স্বাধীন, জবাবদিহিমূলক ও মানুষের প্রত্যাশা-উপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে অন্তর্ভুক্তিমূলক পরামর্শ প্রক্রিয়া অপরিহার্য। জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের মাধ্যমে কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে। সবার অংশগ্রহণে এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে এটি মানবাধিকার সুরক্ষায় একটি মাইলফলক হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution