
দিনাজপুরে টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে সিভিল সার্জন অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন ও জেলা তথ্য অফিসের আয়োজনে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই সংবাদ সম্মেলন ও কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দিনাজপুর সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস জানান, টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলায় ৮ লাখ, ৯৩ হাজার ১২৮ জন শিশুকে বিনামূল্যের ১ ডোজ টিকা প্রদান করা হবে।
এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। শনিবার ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৪৭৭ জন শিশু নিবন্ধন সম্পন্ন করেছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যের ১ ডোজ টিকা প্রদান করা হবে। এই টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে ৩৬০ জন স্বাস্থ্যকর্মী বা টিকাদান কর্মী কাজ করবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের পরিচারক ডা. মো. সিরাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক, ফাহিমা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহাজান সিদ্দিক, দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ শরিফ ও দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাদিয়া আফরিন শেফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ ও সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. আলামিন টাইফয়েডের উপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলন ও কর্মশালায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ, সিভিল সার্জন অফিস ও জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ও কর্মশালায় আরো জানানো হয়, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার জন মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের উন্নত দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। ঞযব এষড়নধষ ইঁৎফবহ ড়ভ উরংবধংব-এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮০০০ জন মৃত্যুবরণ করে যার মধ্যে ৬৮ শতাংশই শিশু। উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপী সারা দেশে এই টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution