
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ১১:২৯ পি.এম
অনেক উপদেষ্টাকে তাদের কর্মকান্ডের জন্য জেলে যাওয়া লাগতে পারে: এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনেক উপদেষ্টাকে তাদের কর্মকান্ডের জন্য জেলে যাওয়া লাগতে পারে। ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। তার দ্বারা জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব। তাই রাষ্ট্রের দায়িত্বে থেকে ভাল কাজ করতে পারবে এমন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডিজিএফআইয়ের ৪-৫ জন লে. জেনারেল ভারতে পালিয়ে গিয়েছে। এতে করে এ রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকিতে রয়েছে। তারা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করে দিয়েছে। ভারত সরকারের সহযোগিতায় ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ভারতে তারা ভাল লাইফ লীড করছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার শুরু হয়েছে। তবে তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে এসি গাড়িতে করে, এসেছেন হলিউডের নায়কদের মত সাজগোজ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরে থাকা বাড়িকে সাব জেল ঘোষণা করেছেন। যাদের ক্ষমতা নেই গরীবেরা থাকবে কাশিমপুর কারাগারে আর ক্ষমতাবানরা থাকবে ফাইভ স্টার জেলে। বাসায় বসে আইফোন ব্যবহার করে বট আইডি দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করতে তারা, এটি হতে পারে না।
ফুয়াদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি মেনে নেয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকরা বাড়ি ফিরে গেছেন। আর অনেক দাবী ন্যায্যতার সাথে মানা হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা ও মহিলা সংস্থার পিডি, ডিপিডি, সচিব থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সিন্ডিকেট রয়েছে। তারা অর্থের বিনিময়ে জনবল নিয়োগসহ দূর্নীতি করছেন।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে বিনিয়োগ বাড়াতে হবে। এখানে শিল্প-কারখানা হলে বেকারত্ব ঘুচবে। তরুনরা মাদকে ঝুঁকবে না। ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে। এছাড়া সুস্বাস্থ্যের জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার বিস্তৃতি ঘটাতে হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ করতে হবে। শিক্ষার উন্নয়ন করলে দেশ এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution