
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা মাদকে সয়লাব হয়ে পড়েছে। মাদক থেকে তরুণ সমাজকে সচেতন ও মাদক কারবারীদের প্রতিরোধে তিনটি ইউনিয়নের কয়েকটি এলাকায় মাদকের বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশগুলোতে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেছে। আয়োজনকারীরা বলছেন, মাদকের বিস্তার এবং প্রশাসনের দুর্বল ব্যবস্থার কারণেই বাধ্য হয়ে তরুণ সমাজকে মাদক থেকে বাঁচাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন।
মাদক বিক্রি ও সেবনকারীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসাবে এমন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষের মতামত একটু ভিন্ন তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক তদারকি না থাকায় মাদকের বিস্তার লাভ করেছে। আর তা ঠেকাতেই সমাজের কিছু তরুণ মাদক ঠেকাতে সামাজিক কর্মসূচি হাতে নিয়ে মাদক নির্মূলের চেষ্টা করছে। এদিকে মাদকের বিস্তার ঠেকানোর প্রথম উদ্যোগ নেওয়া হয় ১১ অক্টোবর হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের ক্লাব মোড় থেকে।
সেখানে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সম্বন্বয়ক গোলাম মর্তুজা সেলিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী ,ওসি আরশেদুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সেই এলাকা থেকেই ১৯ অক্টোবর নুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বোতল ফেনসিডিলসহ ধরা হয়। একইভাবে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমানের ঘনিষ্ঠ সহচর মনির হোসেনকে দশটি ইয়াবা ট্যাবলেটসহ এলাকার তরুণ সমাজ আটক করে পুলিশে দেয়। এদিকে মাদকে বিরুদ্ধে লেহেম্বা ইউনিয়নের শালবাড়ী,উমরাডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সবশেষে বাচোর ইউনিয়নে ১৯ অক্টোবর তরুণ সমাজের আয়োজনে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশ আয়োজনকারী মধ্যে হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড়ের ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের সাথে ২২ অক্টোবর কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, প্রশাসনের দুর্বলতায় তার এলাকায় মাদকের বিস্তার লাভ করে। এতে করে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাপিত হয়ে পড়ে। তরুণ সমাজকে রক্ষায় এবং প্রশাসনকে সচেতন ও তাদের টহল বাড়ানোর টনক নড়াতেই বিক্ষোভ মিছিল করা হয়েছে।
একইভাবে বাচোর ইউনিয়নের কাতিহার হাটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল নেতৃত্বদানকারী যুবনেতা হরুন অর রশীদ বলেন, মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার এলাকায় যেন নিয়ন্ত্রণহীনের মতই। তাই মাদককারবারি ও অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তিনিও দাবি করেন প্রশাসনের কিছুটা দায়িত্বের অবহেলার কারণেই মাদক বিস্তার হচ্ছে।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশিস কুমার দাস বলেন, ব্যাপারটা দু:খজনক, তবে সচেতন নাগরিকদের আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের সহযোগিতা ও তথ্য নিয়েই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে চাই। যে কোন মুহূর্তে আমাদের জানালে সাথে সাথেই আমরা অভিযানে যাবো। এছাড়াও প্রতিমাসে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান কাজ করা হচ্ছে। যদিও সেটা প্রযাপ্ত না বলেই মনে হয়। তাই তিনি সকলকে একসাথে মিলেমিশে মাদকসেবীদের আইনের আওতায় আনতে চান। এবং সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের বয়কট করি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution