
রংপুরের তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে খালেকুজ্জামান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।
শুক্রবার ভোরে ওই মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের আবদুল জব্বারের সঙ্গে খালেকুজ্জামানের ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ফজরের নামাজ শেষে নিহত খালেকুজ্জামানের ভাই আবদুল ছালেক বাড়ির পাশে তাঁদের দাদির কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কবরের মাটি তুলে নেওয়া হয়েছে।
এ নিয়ে তাঁর সঙ্গে আবদুল জব্বারের ছেলে বাবু মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু মিয়া, তাঁর ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মিলে আবদুল ছালেককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খালেকুজ্জামান ও মাহবুবুর রহমান। এ সময় খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেকুজ্জামান মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution