
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশ। বৃহস্পতিবার দুপুরে উলিপুর পেট্রোল পাম্প সংলগ্ন (কুড়িগ্রাম-চিলমারী) সড়কে উলিপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এরআগে ৩ নভেম্বর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ২৩৭টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেন।
এতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলামের নাম ঘোষণা করে দলটি। ঘোষণার পরপরই রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীদের মাঝে অসন্তোষ দেখা দেখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জনাব ওবায়দুর রহমান, হারুন-উর-রশীদ, ইসমাঈল হোসেন, তারাজুল ইসলাম, মাও. আবুল গণি প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করে।
কিন্তু দীর্ঘদিন ধরে জনবান্ধব কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে উলিপুর বিএনপির কাণ্ডারি হিসেবে পরিচিত আব্দুল খালেককে দল মনোনয়ন না করায় উলিপুরের জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। আব্দুল খালেকের নেতৃত্বে উলিপুরে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাকে প্রার্থী ঘোষণা করলে শুধু উলিপুর নয়, পুরো কুড়িগ্রাম জেলায় বিএনপি আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তারা।
মনোনয়ন স্থগিত করে নতুন করে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের দাবিও তোলা হয় এ কর্মসূচিতে। মানববন্ধন শেষে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution